
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে ‘সোর্স বাবু’কে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজীবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, সজীব ভূঁইয়া বাবু সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনও র্যাব বা পুলিশের সোর্স, আবার কখনও কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।
র্যাব উল্লেখ করে, সজীবের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে র্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।
এছাড়া র্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার
চেষ্টা চলছে।












