
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় নগদ অর্থ, স্বর্নলংকারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোরচক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পটিবাড়ি এলাকায় চুরি সংঘটিত হয়।স্থানীয় সূত্রে জানা যায় আগৈলঝাড়া উপজেলার খেজুরিয়া গ্রামের বাসিন্দা মোঃ খোরশেদ আলম খন্দকারের ছেলে মোঃ কামাল খন্দকার সাতলা সানুহার সড়কের পাশে শ্বশুরবাড়ির নিকট একটি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে পরিবারসহ বসবাস করে আসছিলো। জীবিকার তাগিদে তিনি ঢাকায় কচুক্ষেত এলাকায় মাছের ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করে। তার স্ত্রী খাদিজা বেগম দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন এবং মাঝে মাঝে বাবার বাড়িতে যায়। ১৮ জানুয়ারি গভীর রাতে চোরচক্ররা বসতঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। চুরির ঘটনায় সোমবার খাদিজা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা এবং তার মেয়ের মাটির ব্যাংকে সঞ্চয়কৃত প্রায় ২০ হাজার টাকা, দুই ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি,গলার হাড়,রৌপ্যসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোরচক্ররা। এ ব্যপারে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনার জড়িতরা শনাক্ত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এদিকে অচিরেই জরিতদের শনাক্ত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।












